কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামে বংশাই নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে তাসকিন মিয়া (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসকিন মহরাবহ গ্রামের রতন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে সকাল ১১টার দিকে বংশাই নদীর জাংগালিয়া ব্রিজের দক্ষিণ পাশে গোসল করতে যায় তাসকিন। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালায়।
প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
৮ বছরের শিশু তাসকিনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহরাবহ গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। সন্তানহারা বাবার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তাসকিনের বাবা রতন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সকালে হাসতে হাসতে খেলতে গেল আমার মানিক, আর ফিরল না। নদী আমার সব কেড়ে নিল। আমি এখন কাকে নিয়ে বাঁচব!”
প্রতিবেশীরা জানান, তাসকিন অত্যন্ত শান্ত, বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে স্থানীয়রা স্তব্ধ হয়ে পড়েছেন।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বর্ষা মৌসুমে অভিভাবকদের অতিরিক্ত সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বর্তমানে বংশাই নদীতে অতিরিক্ত স্রোত রয়েছে। শিশুদের একা নদীর কাছাকাছি খেলাধুলা বা গোসল করতে দেওয়া কোনোভাবেই উচিত নয়। একটু অসাবধানতাই এমন অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।

ডেস্ক রিপোর্ট 






















