ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮০ ডলারে ওঠে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়।
দিনের পরবর্তী লেনদেনে তেলের দাম আরও বেড়ে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ব্রেন্ট প্রায় ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলারের ওপরে এবং ডব্লিউটিআই ৯২ ডলারের ওপরে উঠে গেছে। মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে নতুন করে হামলা এবং হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাই তেলের দামের ঊর্ধ্বগতির প্রধান কারণ।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলেছে, পেন্টাগন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















