ঠাকুরগাঁও প্রতিনিধি: “ছানিমুক্ত পীরগঞ্জ চাই”—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৫৭ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ১৭৮ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) পীরগঞ্জ উপজেলার আদি ভিটা সুফিয়া টাওয়ার এলাকায় ফয়জুল শিরীন ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয় চত্বরে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
ফয়জুল শিরীন ওয়েলফেয়ার ট্রাস্ট, পীরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসা ও অপারেশন সহযোগিতায় ছিল গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতাল, দিনাজপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়জুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন নেকমরদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক।
এ সময় বক্তব্য দেন গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতাল, দিনাজপুরের কো-অর্ডিনেটর হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার দবিরুল ইসলাম ও কমলা কান্ত রায়। রোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন সিংগারোল গ্রামের মোস্তফা আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক লক্ষ্মণ কুমার ভক্ত।
আয়োজক সূত্রে জানা যায়, শিবিরে মোট ৬৫৭ জন রোগীকে চোখের চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে ১৭৮ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের মধ্যে ১০০ জনকে শনিবারই দিনাজপুরে নেওয়া হবে এবং বাকিদের আগামী ৭ নভেম্বর নেওয়ার কথা রয়েছে।
শিবিরে আগত রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ছানি অপারেশনের জন্য সহযোগিতা দেওয়া হয়।
ফয়জুল শিরীন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম বলেন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি রক্ষা এবং ছানি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















