পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, পানছড়ি থানার এসআই সদানন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপময় চাকমা এবং বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনায় দিবসটির গুরুত্ব আজও স্মরণীয়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















