সংসদ চলমান থাকা সত্ত্বেও ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করার প্রয়োজনীয়তা নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, কার্যক্ষম একটি সংসদ ও সংশ্লিষ্ট স্থায়ী কমিটিকে সম্পূর্ণ পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। এর পেছনে ঠিক কী ধরনের বিশেষ বা জরুরি পরিস্থিতি বিদ্যমান ছিল, সে বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপনের ঠিক পূর্বমুহূর্তে বিলটির কঠোর বিরোধিতা করে তিনি এসব কথা বলেন।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদের আলো টেনে জামায়াতের এই সংসদ সদস্য উল্লেখ করেন, সাধারণত সংসদ ভেঙে গেলে কিংবা অধিবেশন না থাকলে কেবল জরুরি পরিস্থিতিতেই রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাখেন। তবে এই সৌরবিদ্যুৎ-সংক্রান্ত অধ্যাদেশটি যখন জারি করা হয়, তখন অধিবেশন না থাকলেও বিরতিটি ছিল মাত্র দুই মাসের কম সময়ের। তদুপরি অধ্যাদেশ জারির এক মাসের মধ্যেই নতুন করে সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। কৌশলপত্র প্রণয়ন ও পরবর্তী ১৫টি প্যাকেজ ঘোষণার সময় সংসদ সক্রিয় থাকা সত্ত্বেও কেন বিল না এনে অধ্যাদেশের পথ বেছে নেওয়া হলো, তার কোনো যুক্তি এই অধ্যাদেশে নেই বলে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন।
বিতর্কের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের সুনির্দিষ্ট ধারার ব্যাখ্যা দিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুসারে অধ্যাদেশ জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টি একটি সম্পূর্ণ ‘সাবজেক্টিভ’ বা ব্যক্তিগত অনুভূতির বিষয়। এই সন্তুষ্টির ওপর সংসদ কিংবা বিচার বিভাগের প্রশ্ন তোলার কোনো সাংবিধানিক সুযোগ নেই। গতকাল সংবিধানের ৯৩(২) উপ-অনুচ্ছেদের বাধ্যবাধকতা রক্ষার্থেই অধ্যাদেশটি সংসদে পেশ করা হয়েছিল। তবে সরকার যে বিলটি নতুন করে সংসদে এনেছে, তা পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই এগোবে। কার্যতালিকা অনুযায়ী বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে এবং সেখান থেকে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় পর্যালোচনা শেষে পুনরায় পাসের জন্য সংসদে উত্থাপিত হবে।
পরিস্থিতি ব্যাখ্যা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দ্রুত অধ্যাদেশ জারি ও পরবর্তীতে আইন প্রণয়নের মূল লক্ষ্য সংসদে তুলে ধরেন। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও বিকল্প শক্তির পথ সুগম করতে সরকার জরুরি ভিত্তিতে সৌরবিদ্যুৎ প্রসারের উদ্যোগ নিয়েছে। আগামী গ্রীষ্ম মৌসুম আসার আগেই সাধারণ মানুষের লোডশেডিংয়ের তীব্র ভোগান্তি কমাতে অন্তত পাঁচ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রচলিত সরকারি প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় অতিবাহিত হয়। তাই একটি সামগ্রিক নীতিমালা তৈরি ও তা দ্রুত কার্যকর করার স্বার্থেই বিশেষ বিধান ও রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করা হলে তা স্পিকারের সভাপতিত্বে কণ্ঠভোটে গৃহীত হয় এবং বিস্তারিত পর্যালোচনার জন্য বিলটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

ডেস্ক রিপোর্ট 






















