দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি নিশ্চিত করার পাশাপাশি, বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
বুধবার (১৮ নভেম্বর) ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য সর্বজনীন তথা শতভাগ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দিতে সরকার-টু-পারসন (জি-টু-পি) পদ্ধতি অনুসরণ করা হবে। এ জন্য শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে যে–কোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই। তবে যেসব ছাত্রীর নাম এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত নেই এবং যারা উপবৃত্তি পাচ্ছে না, শুধু তাদের অথবা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।
শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে নির্ধারণ করতে হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্যে যে–কোনো একজন অভিভাবক হতে পারবেন। বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করেই উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। প্রয়োজনে নতুন হিসাবও খোলা যাবে।

ডেস্ক রিপোর্ট 






















