দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ প্রতিযোগিতা আয়োজন করতে হবে।
এ ছাড়া শিক্ষাবর্ষের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডারে ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টগুলোর সুনির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিটি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তাদের অধীন সব দপ্তর ও প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর ৭ দশমিক ৬ নম্বর সিদ্ধান্তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরের শুরুতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। পাশাপাশি শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টের সুনির্দিষ্ট সময়সূচি একাডেমিক ক্যালেন্ডারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ডেস্ক রিপোর্ট 






















