বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো নারী ও ১৮ বছর পর পুরুষ ফুটসাল লিগ আয়োজন করছে। দুই বিভাগেই ১১টি দল খেলছে। তিন দিন আগে শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। এখন চলছে ১৭ দিনের বিরতি।
প্রথম পর্বে সবাই ১০টি করে ম্যাচ খেলেছে। এই পর্ব শেষে আইএম টেন, ফকির, বাংলাদেশ আর্মি ও টেকভেলি নারী ও পুরুষ দুই বিভাগেই শীর্ষ চারে রয়েছে। শীর্ষ চারে থাকা দল ক্রিকেটের আইপিএলের আদলে কোয়ালিফায়ার ও এলিমিনেটর খেলবে। সেই পর্ব শুরু হবে ১৭ দিন পর, আগামী ৯ সেপ্টেম্বর।
বিশ্বকাপ ফুটবলের আগে শুরু হয়েছিল ফুটসাল লিগ। বিশ্বকাপের জন্য মাঝে দেড় মাস বন্ধ ছিল। বিশ্বকাপ শেষে পুনরায় শুরু হওয়ার পর আবার ১৭ দিনের বিরতিতে ফুটসাল লিগ। ১১ সেপ্টেম্বর সূচি রয়েছে ফাইনালের।
স্ট্যান্ডার্ড ফুটবলের মতো ফুটসালও বেশ জনপ্রিয়। বাফুফের নতুন কমিটি ফুটসালকেও গুরুত্ব দিচ্ছে। গত বছর এশিয়ান ফুটসাল বাছাই খেলেছে বাংলাদেশ। এই বছরের শুরুতে সাবিনা খাতুনরা সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়। বাফুফের ফুটসাল কমিটি বিগত সময়েও ছিল। ২০০৮ সালে একবারই টুর্নামেন্ট আয়োজন করেছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। এরপর ১৭ বছর কোনো ঘরোয়া ফুটসাল হয়নি।

ডেস্ক রিপোর্ট 






















