দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলায় যুবদলের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় নতুন বাজার মামুন মার্কেট থেকে যুবদলের পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ সামনে অবস্থান নেয়। অন্যদিকে নতুন কমিটি নেতাকর্মীরা লেবুখালী পাগলার মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে আসলে পুলিশ উভয় মিছিলকে বাধা দেয়।
একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। এতে উভয় গ্রুপের তিনজন আহত হন।
ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পদবঞ্চিতদের ধাওয়ার মুখে পিছু হটে পদধারীরা। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দুজন ব্যবসায়ীকে। জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল বলেন, কেন্দ্রীয় ঘোষিত কমিটির নেতাকর্মীরা মিছিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ খায়রুল ইসলাম চৌধুরী ও দুমকি থানার ওসি সেলিম উদ্দিন জানান, দুপক্ষকেই শন্তিপূর্ণভাবে নিজেদের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছিল। পরবর্তীতে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে- বিষয়টি নজদারিতে রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























