রাজস্থলী প্রতিনিধি,
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০ জন যুবক ও ২০ জন যুবতীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী দুই মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান । এতে সভাপতিত্ব করেন উপ – পরিচালক ( অঃদাঃ) যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গামাটি উষা মগ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইউছুপ হাসান বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দক্ষতা কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুবসমাজকে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদউল্ল্যা ও রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান,মেডিকেল অফিসার ডা,নাজিম উদ্দিন বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ৪০জন যুবক/যুবতী নিয়ে ভ্রাম্যমান ভ্যান গাড়ীতে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন।

ডেস্ক রিপোর্ট 






















