ক্রীড়া প্রতিবেদক: প্যারিস সেন্ট জার্মেই গতকাল তাদের স্প্যানিশ কোচ লুইস এনরিকের সঙ্গে ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি নবায়ন করেছে।
লে’কিপের বরাত দিয়ে স্পোর্ত জানিয়েছে, নতুন চুক্তিতে এনরিকের মোট বেতন প্রত্যেক মৌসুমে ২০ মিলিয়ন ইউরো করে বেড়েছে।
বর্তমানের চেয়ে এনরিকের বেতন বেশ বেড়েছে। একই সংবাদপত্র জানিয়েছে, প্রত্যেক ম্যাচে এক মিলিয়ন ইউরো করে বেশি পাবেন পিএসজি কোচ, মানে বছরে প্রায় ১২ মিলিয়ন ইউরো বেশি।
এছাড়া প্রত্যেক মৌসুমে বাড়তি ৮ মিলিয়ন ইউরো পাবেন এনরিকে। লে’কিপ বলছে, ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির চোখে বিশ্বসেরা কোচ নতুন চুক্তির পর বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতনভুক্ত কোচ হতে চলেছেন।
২০২৩ সালে এনরিকে যোগ দেওয়ার পর ক্লাবে ইতিহাসে গড়ে চলেছেন। ফরাসি দলটির হয়ে সবচেয়ে সফল কোচ তিনি, তার নামের পাশে ১৩ ট্রফি। এর মধ্যে তিনটি ফরাসি লিগ, দুটি ফরাসি কাপ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
তবে সময়টা ভালো যাচ্ছে না। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে রেনে ও অলিম্পিক লিওর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল পিএসজি। তৃতীয় ম্যাচে এসে আর ড্র নয়, ঘরের মাঠে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে বসেছে বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে কোনো জয় নেই, পয়েন্ট মাত্র ২। শেষবার ২০১২-১৩ মৌসুমে লিগ ওয়ানের প্রথম তিন ম্যাচে জয়হীন ছিল পিএসজি। ১৪ বছর পর সেই হতাশার চিত্র ফিরে এসেছে।

ডেস্ক রিপোর্ট 






















