দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে আগুন লেগে দুটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং দোকানদারদের খবর দেয়। ততক্ষনে বৈদ্যুতিক লাইনে অগুনলেগে যায়, বিদ্যুৎ বন্ধের পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান স্থানীয়রা।
তবে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ বিভাগের চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ অফিসে অন্তত ১০ বার ফোন করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো ফোন রিসিভ করেননি। দীর্ঘ সময় পর ফোন রিসিভ করা হলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে দেরি হওয়ায় আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রত্না এন্টারপ্রাইজের মালিক রুবেল খান জানান, আগুনে তার দোকানের আনুমানিক ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে সুরাইয়া স্টোরের মালিক আবুল হাসান জানান, তার দোকানে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিভাগের এমন উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেস্ক রিপোর্ট 






















