খাগড়াছড়ি প্রতিনিধি: ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে স্মরণ করে খাগড়াছড়িতে ‘পাকুয়াখালী গণহত্যা দিবস’ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হোসেন ও এরশাদ হোসেন, পিসিএনপি পানছড়ি উপজেলা শাখার সভাপতি খালেক হোসেন। এছাড়া নাগরিক পরিষদের নেতা নজরুল ইসলাম ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি সুমন আহমেদ, সোহেল রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আনুমানিক অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা পাকুয়াখালী হত্যাকাণ্ডে নিহতদের স্মরণ করেন এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 























