পটুয়াখালী প্রতিনিধি: ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. সাইফুল আজম রঞ্জু।
২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. এস এম কবির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, আশপাশের এলাকা ও অন্যান্য স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে হাসপাতালের বিভিন্ন স্থানে মশার ওষুধ স্প্রে করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন তারা।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবার সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডেস্ক রিপোর্ট 






















