খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র কুরআনের সবক, কেরাত, গজল ও হাদিস পাঠ শিশু শিক্ষার্থীদের এমন নানা পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসন পুর আল হেরা ইসলামিক একাডেমি। অনুষ্ঠানের একপর্যায়ে শিশুদের অংশগ্রহণে জানাজার নামাজের প্রদর্শনীও করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকায় একাডেমি প্রাঙ্গণে ২৬ শিক্ষার্থীর কুরআনের সবক প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে এ আয়োজন করা হয়।
বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান করেন। মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কেরাত, গজল ও হাদিস পাঠ উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।

শুধু সাংস্কৃতিক পরিবেশনা নয়, শিশুদের ধর্মীয় জ্ঞান ও জনসচেতনতা বাড়াতেও ছিল বিশেষ আয়োজন। শিক্ষার্থীরা জানাজার নামাজের বিভিন্ন নিয়ম ও ধাপ তুলে ধরে একটি প্রদর্শনী করে। শিশুদের সাবলীল উপস্থাপনায় প্রদর্শনীটি উপস্থিত সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ শামসু রানা, উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ জামালুল হাসান জামাল, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রুহুল আমিন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল।
স্থানীয়রা জানান, ২০২২ সালে প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমিতে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৩০। তবে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একাডেমির সংযোগ সড়ক।
স্থানীয়দের ভাষ্য, কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে তলিয়ে যায়। এতে ছোট শিশুদের মাদ্রাসায় আসা-যাওয়ায় ভোগান্তি হয়। রাস্তার পাশের পুকুরগুলোর পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা আরও বাড়ে বলে অভিযোগ তাদের।
দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ শামসু রানা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ যাতায়াতের সমস্যার কথা জানিয়েছেন। আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়া দীঘিনালার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন। আশা করি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ বলেন, বৃষ্টি হলে শিশুরা মাদ্রাসায় আসতে পারে না। রাস্তার পাশে থাকা পুকুরগুলোর কারণে পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যা হচ্ছে। যুব সমাজকে সঙ্গে নিয়ে দ্রুত এর সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ জামালুল হাসান জামাল বলেন, ২৬ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের সবক নিয়েছে। আল্লাহ তাদের এ শিক্ষা কবুল করুন। বাড়ির পাশে এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকা গর্বের বিষয়। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে একাডেমির উন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য সড়কটির প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট 






















