খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে খাল ভরাট ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মো. কাজল মিয়াকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিয়া নগর এলাকার আলীনগর রাস্তার মুখে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ও ১৫(১) ধারার বিধান অনুযায়ী এই অর্থদণ্ড করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ করা হয়। এ সময় পাহাড়ের মাটি দিয়ে পাশের একটি খাল ভরাট করা হয়। পাশাপাশি সরকারি রাস্তার শেষ অংশ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে নিষেধ করে। পরে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জরিমানা ও স্কেভেটর জব্দের ব্যবস্থা নেন।
স্থানীয়দের আশঙ্কা, পাহাড় কাটা ও খাল ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে।
এ অবস্থায় পাহাড় কাটা বন্ধ, খাল ও সরকারি রাস্তা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডেস্ক রিপোর্ট 






















