কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একই সাথে উপজেলার বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমানের বিরুদ্ধে সার ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তুলেছেন মানববন্ধনকারীরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল পাঁচটার সময় উপজেলার পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলার কলেজ মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে তা, এখনো তৃণমূল নেতাকর্মীদের মনে তাজা হয়ে আছে। বিএনপির নেতাকর্মীরা সেই নির্যাতন নিপীড়নের কথা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা দাবি করেন, নাগেশ্বরী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ১৫ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনই নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও আহ্বায়ক গোলাম রসুল রাজাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে অভিযোগের তদন্ত করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।
এতে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ আরও অনেকে।

ডেস্ক রিপোর্ট 






















