বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর ২০ লাখের বেশি ব্যারেল তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার ডুবে গেছে। রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই সুপারট্যাঙ্কারডুবির তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
আইআরজিসি বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক করিডোর দিয়ে যাওয়ার সময় যে দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, এটি ছিল তার একটি। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে সুপারট্যাঙ্কারডুবির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে এবং জোর দিয়ে বলেছে, জাহাজগুলোকে কেবল ইসলামিক প্রজাতন্ত্রের অনুমোদিত রুটই ব্যবহার করতে হবে।
অনুমতি ছাড়া এই রুট দিয়ে চলাচলকারী জাহাজকে প্রায়ই লক্ষ্যবস্তু করে আসছে তেহরান। এর জবাবে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে এবং ট্যাঙ্কারগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা এই জলপথের মূল রুটগুলো থেকে সমস্ত মাইন পরিষ্কার করে ফেলেছে।
রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত রুট দিয়ে চলাচলকারী দুটি তেল ট্যাঙ্কার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়; যার ফলে বিশাল বিস্ফোরণ ঘটে এবং ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে একটি জাহাজ—যা দুই মিলিয়নেরও বেশি ব্যারেল কাঁচা তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার; পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলে ডুবে গেছে।

ডেস্ক রিপোর্ট 























