দুমকি প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সম্ভাব্য ঝড়-বৃষ্টিতে সবজি ও আমন ধানের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন পটুয়াখালীর দুমকির কৃষকেরা। আর মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে মাঠের আমন ধান পাকবে। এ সময়ে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টিতে পাকা ধান মাটিতে নুয়ে পড়া এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
বুধবার রাত থেকে দুমকিসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এতে আমন ধান ঘরে তোলা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের কৃষক শাহজাহান মুন্সী, লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্ত্তিকপাশা গ্রামের কৃষক আবদুল খালেক শরীফ, শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের আমির হোসেন মৃধা ও স্যানের চর এলাকার কৃষক সুলতান খান জানান, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। এখন ধান পাকার অপেক্ষায় রয়েছেন তাঁরা। কিন্তু অগ্রহায়ণ মাসের প্রথম দিকে ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টি হলে পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়তে পারে। জমিতে পানি জমে ধান নষ্ট হওয়ার পাশাপাশি ফসল কাটা ও ঘরে তোলাও কঠিন হয়ে পড়বে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়তে হবে।
কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগের পর এখন ফসল ঘরে তোলার সময়। এ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তাঁদের বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে। তাই ঘূর্ণিঝড়ের খবর শুনে তাঁরা দুঃশ্চিন্তায় পড়েছেন।
কৃষকদের প্রত্যাশা, ঘূর্ণিঝড়ের প্রভাব দ্রুত কেটে যাবে এবং বড় ধরনের ক্ষতি ছাড়াই শীতকালীন সবজি ও আমন ধান সংগ্রহ করতে পারবেন।

ডেস্ক রিপোর্ট 






















