মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ইফতাব জাহান প্রীতি। ২০২৬ সালের শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রথম স্থান অর্জন এবং শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির জন্য পৃথকভাবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বিদ্যালয়ের ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে প্রীতি। পাশাপাশি পুরো শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতিও অর্জন করে সে।
গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী তার হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য মেধাবী ও কৃতী শিক্ষার্থীদেরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
সম্মাননা প্রদানকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, ইফতাব জাহান প্রীতি নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তার এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এটাই আমাদের প্রত্যাশা। আগামী এসএসসি পরীক্ষায় সে যেন গোল্ডেন জিপিএ অর্জন করতে পারে, সে জন্য দোয়া করি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো কাজ ও সাফল্যের স্বীকৃতি দিলে তারা পড়াশোনায় আরও উৎসাহিত হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, নিয়মিত উপস্থিতি এবং ভালো ফলাফল অর্জনের আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
প্রীতির মা লাইজু আক্তার মেয়ের এমন অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে বলেন, বিদ্যালয় থেকে মেয়ের দুই ক্যাটাগরিতে সম্মাননা পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। মেয়ের বাবা আব্দুর রব ইরান হাওলাদার আজ বেঁচে থাকলে তার এ সাফল্যে অনেক বেশি আনন্দিত হতেন। সামনে মেয়ের এসএসসি পরীক্ষা। সে যেন ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে পারে, এ জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থী ইফতাব জাহান প্রীতি বলে, দুই ক্যাটাগরিতে সম্মাননা পেয়ে সে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। তার বাবা বেঁচে থাকলে এ অর্জনে অনেক খুশি হতেন। বাবার কথা স্মরণ করে সে সবার কাছে তার বাবার জন্য দোয়া কামনা করে। পাশাপাশি বাবা-মায়ের মনের আশা পূরণ করতে এবং আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সবার দোয়া ও আশীর্বাদ চায়। ভবিষ্যতে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবে, সেই প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করে সে।
বিদ্যালয়ের এমন প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট 






















