দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ফিফা নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে। তাদের সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে আবাহনীর নাম এখন আর নেই।
বিদেশি ফুটবলারদের চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় আবাহনীর উপর তিনটি ফিফা নিষেধাজ্ঞা এসেছিল গত মৌসুমের শুরুতে। ফলে আবাহনী গত লিগে মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি। নতুন মৌসুমের শুরুতে দু’টি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল। একটি অবশিষ্ট ছিল। সিরিয়ার ফুটবলারের সঙ্গে পাওনা পরিশোধের চুক্তি করে সেই মোতাবেক অর্থ প্রেরণ করেছিল আবাহনী এক সপ্তাহ আগে। ব্যাংকিং সমস্যা থাকায় ফুটবলার আপত্তি না তোলায় আবাহনীর শেষ নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লেগেছিল কিছুটা। সেই সংকট কেটে যাওয়ায় আবাহনী এখন সকল নিষেধাজ্ঞা থেকে মুক্ত।
আজ ছিল ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। রাত বারোটার আগেই আবাহনী ফিফা নিষেধাজ্ঞা মুক্ত হওয়ায় ক্লাব লাইসেন্সিং করতে বাধা নেই। ১৯ আগস্ট ফুটবলার নিবন্ধনও করতে পারবে আবাহনী। যদিও আবাহনী নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে। আবাহনীর নীতি নির্ধারকরা ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বেশি মনোযোগী ছিলেন। নতুন মৌসুম দল গঠনে সেভাবে নজর দেননি। ফলে আবাহনীর ফুটবলাররা মোহামেডান ও কিংসে যোগাযোগ করছে।
ফিফা রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে এখন বাংলাদেশের ১৫টি নিষেধাজ্ঞা রয়েছে। পনেরোটির মধ্যে দশটিই বসুন্ধরা কিংসের, দু’টি ফকিরেরপুল ইয়ংমেন্স ও শেখ জামাল ধানমন্ডি এবং আরেকটি সকার ক্লাব ফেনীর। বসুন্ধরা কিংস তাদের নিষেধাজ্ঞা উঠাতে আজ বাফুফে সভাপতির সঙ্গে বিশেষ সভায় সাত দিন সময় চেয়েছেন। বসুন্ধরা ও ঢাকা আবাহনী নিষেধাজ্ঞা থাকায় আরামবাগ, ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল প্রিমিয়ারে খেলার অনুমতি পেয়েছে। ফকিরেরপুল অনুমতি পেলেও তারা এখনো নিষেধাজ্ঞায় থাকায় দলবদলে অংশগ্রহণ করতে পারছে না।

ডেস্ক রিপোর্ট 






















