ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে ২০২৮ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সেতু সচিবের সঙ্গে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের (সিআরসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। সিআরসিসির চেয়ারম্যান উ ইয়ানকুন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের গতি বাড়ানো, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা এবং নির্মাণকাজের মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্মাণাধীন এলাকায় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, সাইনবোর্ড ও উন্নত নিরাপত্তাবেষ্টনী নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সেতু সচিব বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি সাভার, আশুলিয়া ও ঢাকা-ইপিজেড এলাকার যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকার নিরবচ্ছিন্ন যোগাযোগ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।
এ সময় সিআরসিসির চেয়ারম্যান উ ইয়ানকুন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সেতু বিভাগের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি আন্তর্জাতিক মানের প্রকৌশল প্রযুক্তি ও দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি জনবল, যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রীর সরবরাহ বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 






















