দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে লেবুখালী-বাউফল মহাসড়কে মাহিন্দ্রাকে বাঁচাতে গিয়ে স্টেডফাস্ট কুরিয়ারের কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বায়জিদ শুভসহ ৩ জন আহত হয়েছেন। আহত হওয়ার পর শুভর কাছে থাকা নগদ ৩৭ হাজার টাকা ও একটি আইফোন খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পায়রা অটো ব্রিক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মোটরসাইকেল আরোহী বায়জিদ শুভ (১৯)। তিনি সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া কুরিয়ারের কাভার্ড ভ্যানে থাকা আরও ২ জন।
স্থানীয়রা জানান, কুরিয়ার সার্ভিসের গাড়িটি লেবুখালী থেকে দুমকির দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি যাত্রীবাহী মাহিন্দ্রাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। কাভার্ড ভ্যান চালক গাড়িটি পাশের জলাশয়ে নামিয়ে দেন। এবং মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শুভর পরিবার ও ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, দুর্ঘটনার সময় শুভর কাছে নগদ ৩৭ হাজার টাকা ও একটি আইফোন ছিল। হাসপাতালে নেয়ার পর সেগুলো আর পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 






















