বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলার রহবল ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন পাকুড়তলার পরিবর্তে রহবল এলাকায়ই নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১১টায় রহবল বন্দরে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোকামতলা এলাকার প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে তিনটি ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠন করা হয়। নতুন নামকরণ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে গণশুনানির আয়োজন করা হয়। গত ২৩ জুন ভরিয়া হাই স্কুল মাঠে দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের দাবিতে গণশুনানিতে প্রায় ১,১০০ জনের সমর্থন পাওয়া যায়। পরবর্তীতে ২৫ জুন রহবল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আরও একটি গণশুনানিতে প্রায় ৩,৭০০ জনের সমর্থন নিয়ে রহবল ইউনিয়ন গঠনের জোরালো দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নটির নাম ‘রহবল ইউনিয়ন’ হিসেবে চূড়ান্ত করা হয়।
এলাকাবাসীর পক্ষে জানানো হয়, রহবল ইউনিয়ন মোট ৮টি মৌজা নিয়ে গঠিত। এর মধ্যে ৬টি মৌজা রহবল বাজার কেন্দ্রিক এবং মাত্র ২টি মৌজা পাকুরতলা কেন্দ্রিক। ইউনিয়নের সিংহভাগ জনগোষ্ঠীর যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম রহবল বাজারকে কেন্দ্র করেই পরিচালিত হয়। অথচ নাম ‘রহবল ইউনিয়ন’ রাখা হলেও ইউপি ভবনটি রহবলে নির্মাণ না করে পাকুড়তলার (কৃষ্ণপুর মৌজায়) নির্মাণের প্রস্তুতি চলছে, যা প্রস্তাবিত স্থান হিসেবে মোকামতলা পৌরসভা থেকে মাত্র ১০০ গজ দূরে অবস্থিত। প্রশাসনিক কেন্দ্রটি রহবলে স্থাপন করা হলে সাধারণ জনগণের যাতায়াত ও সেবা প্রাপ্তি অধিকতর সহজ, সুবিধাজনক ও জনবান্ধব হবে।
বক্তারা বলেন, ইউনিয়নের নামকরণের সাথে প্রশাসনিক কেন্দ্রের একটি সুন্দর সমন্বয় থাকা জরুরি। অবিলম্বে এলাকাবাসীর দাবি বিবেচনা করে রহবল ইউনিয়ন পরিষদ ভবন রহবলেই নির্মাণের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সুদৃষ্টি কামনা করেন তারা। প্রয়োজনে সঠিক স্থান নির্ধারণে পুনরায় গণশুনানির আয়োজনের দাবি জানানো হয়।
দ্রুত রহবল এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের সুনির্দিষ্ট ঘোষণা না আসলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। সাবিত হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, সজিব ইসলাম, বেলাল সরকার, রাখিবুল ইসলাম প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 






















