সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতের নানা দিক তুলে ধরতে দেশের আটটি বিভাগে শুরু হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিশেষ অতিথি হিসেবে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী উপস্থিত থাকবেন।
লালন বিশ্বসংঘের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে দেশ-বিদেশের গবেষক ও সাধকদের আলোচনার পাশাপাশি থাকবে ভাবসংগীত পরিবেশনা। উৎসবে কবীরপন্থি, রবিদাসপন্থি ও নানকপন্থি শিল্পীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা গান পরিবেশন করবেন।
ঢাকার উদ্বোধনী পর্বের পর পর্যায়ক্রমে বরিশাল, খুলনা, শেরপুর (ময়মনসিংহ বিভাগ), রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে উৎসবটি অনুষ্ঠিত হবে। সর্বশেষে আগামী ৩০ অক্টোবর শ্রীমঙ্গলে (সিলেট বিভাগ) সমাপনী পর্বের মাধ্যমে মাসব্যাপী এই উৎসবের পর্দা নামবে।

ডেস্ক রিপোর্ট 






















