দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ অক্টোবর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়।
দুদকের অভিযোগ, সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগে অনিয়মের মাধ্যমে সরকারের ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসু পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনবহির্ভূত পদে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অতিরিক্ত জনবল নিয়োগ দেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগের উদ্দেশ্যে বাছাই বোর্ডের সদস্যদের অবৈধভাবে প্রভাবিত করা হয়। এ ক্ষেত্রে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
দুদকের দাবি, এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়েছে। এই অর্থকে সরকারের আর্থিক ক্ষতি হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও সাবেক উপাচার্যের দুটি নম্বর বন্ধ পাওয়া যায়। টেলিটক নম্বরে কল করেও সাড়া মেলেনি। অন্যদিকে সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ফোন ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডেস্ক রিপোর্ট 






















