রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির অভিযোগ, রাজউকের অনুমোদন ও প্রয়োজনীয় আইনগত বৈধতা ছাড়াই একশ্রেণির প্রতিষ্ঠান ল্যান্ড প্রজেক্টের নামে প্লট বিক্রি এবং প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিএলডিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ ও দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজউকের অনুমোদন, ছাড়পত্র কিংবা আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠান সাইনবোর্ড স্থাপন, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির নামে প্রতারণামূলক ব্যবসা পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন ও বিধিবিধানের লঙ্ঘন। একই সঙ্গে তা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং দেশের আবাসন খাতের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
বিএলডিএর দাবি, এসব তথাকথিত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্বাচলের পরিকল্পিত মাস্টারপ্ল্যান, নির্ধারিত ভূমি ব্যবহার, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈধ অনুমোদন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত আবাসন প্রতিষ্ঠানগুলো নানা বিধিনিষেধ মেনে ব্যবসা পরিচালনা করছে। অন্যদিকে একশ্রেণির অননুমোদিত প্রতিষ্ঠান কোনো ধরনের জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে বৈধ আবাসন ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। একই সঙ্গে আইনের শাসন ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে পূর্বাচল ও আশপাশের এলাকায় অননুমোদিত আবাসন প্রকল্পের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএলডিএ।
১. পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিচালিত সব ল্যান্ড প্রজেক্টের অনুমোদন ও আইনগত বৈধতা যাচাই করে অবিলম্বে সরেজমিন তদন্ত করতে হবে।
২. রাজউকের অনুমোদনহীন সব প্রকল্পের প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন, প্রচার-প্রচারণাসহ যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে অবিলম্বে নির্দেশনা দিতে হবে।
৩. অবৈধ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারকচক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
৪. অবৈধ প্রকল্পের সাইনবোর্ড, বিজ্ঞাপন ও অন্যান্য প্রচারসামগ্রী অপসারণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।
৫. রাজউকের অনুমোদন ছাড়া যাতে কোনো প্রতিষ্ঠান এ ধরনের প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রি করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রকাশ্য বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য, অবহেলা কিংবা দায়সারা পদক্ষেপ অবৈধ কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে। এতে সাধারণ মানুষ ও বৈধ আবাসন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
সংগঠনটি মনে করছে, জনস্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, পূর্বাচল ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং বৈধ আবাসনশিল্পের স্বার্থ সুরক্ষায় উত্থাপিত দাবিগুলোর ভিত্তিতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ডেস্ক রিপোর্ট 






















