বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির একটি শাখা অফিস চালু করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে (লিফট ১১) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ শাখা অফিসের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া শাখা অফিসে সভাকক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য অফিস কক্ষের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সে তুলনায় ইউজিসির অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়। বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে তদারকি, সমন্বয় ও পরিচালনায় ইউজিসির সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। কিন্তু বর্তমান ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় কর্মপরিবেশ ও পর্যাপ্ত জায়গার সংকট রয়েছে।
তিনি বলেন, ইউজিসির পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, নতুন ভবন নির্মাণের কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নিতে পর্যায়ক্রমে ইউজিসির বিভিন্ন বিভাগকে বিকল্প স্থানে স্থানান্তর করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকটি বিভাগ শাখা অফিসে তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















