বলিউড থেকে হলিউড নিজেদের অভিনয়ের জাদুতে দুই দুনিয়াতেই রাজত্ব করছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া-জোনাস। কাজের ব্যস্ততার মাঝেও তার পুরো পৃথিবী জুড়ে এখন কেবল মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। তবে চার বছরের খুদে মালতির নিরাপত্তা নিয়ে ইদানীং বেশ দুশ্চিন্তায় দিন কাটছে এই বিশ্বসুন্দরীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলামেলা কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন ও মেয়ের নিরাপত্তা নিয়ে। অভিনেত্রী জানান, তার নিজের জন্য আলাদা কোনো নিরাপত্তারক্ষীর প্রয়োজন নেই, যা করছেন সবটাই মেয়ের কথা ভেবে। প্রিয়াঙ্কার ভাষ্যমতে, ‘অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে বা কথা বলতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু বিপত্তি ঘটে যখন এই ঘটনার আঁচ আমার মেয়ের ওপর পড়ে।’

আক্ষেপ করে প্রিয়াঙ্কা বলেন, ‘হয়তো আমরা পার্কে খেলছি কিংবা আইসক্রিম খাচ্ছি, হুট করে দেখলাম সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এখন তো সবার হাতেই স্মার্টফোন থাকে, আর এটাই আমার সবচেয়ে বড় চিন্তার কারণ। আমি জানি আমাকে কেউ খুন করতে আসবে না, কিন্তু মেয়ের গোপনীয়তা রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ।’
প্রিয়াঙ্কা মা হিসেবে যে বেশ কঠোর, তার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। প্রায়ই মেয়ের ছবি শেয়ার করলেও ইমোজি দিয়ে মালতির মুখ ঢেকে রাখেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই আড়াল করেন সন্তানকে। অনাকাঙ্ক্ষিত এই প্রচার থেকে মুক্তি পেতেই মূলত নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা মা।

ডেস্ক রিপোর্ট 






















