বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবিকে কেন্দ্র করে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। একই সাথে ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার’ নোটিশ জারি করেছে। পরিস্থিতি যখন আইনি লড়াইয়ের দিকে মোড় নিচ্ছে, ঠিক তখনই এই বিবাদ মেটাতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছেন ইন্ডাস্ট্রিজের ভাইজান সালমান খান।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সালমান খান ব্যক্তিগতভাবে রণবীর সিং এবং নির্মাতা ফারহান আখতার- এই দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করেছেন। তিনি দুই তারকাকে নিজেদের মধ্যের বিবাদ ভুলে এবং ফিল্ম ফেডারেশন বা কোনো তৃতীয় পক্ষকে না জড়িয়ে নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করার অনুরোধ জানিয়েছেন।
সালমান ও ফারহান ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সালমান খান যেমন রণবীর সিংকে স্নেহ করেন, তেমনই আখতার পরিবারের সঙ্গেও তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এই সিনেমার ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেজন্য সালমান নিজে দুই পক্ষকে ফোন করেন।

সালমান নাকি ফারহানকে বোঝান, সিনেমায় সৃজনশীল মতপার্থক্য একটি সাধারণ বিষয়। অন্যদিকে রণবীরের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছেন তিনি। সালমান দুই তারকাকে স্পষ্ট জানিয়েছেন, পুরো বলিউডকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে কাজ করা উচিত এবং তৃতীয় পক্ষকে জড়িয়ে ঝামেলা বড় করা ঠিক হবে না।
মূলত ‘ডন থ্রি’ সিনেমায় চরিত্রের রূপরেখা কেমন হবে, তা নিয়েই ফারহান ও রণবীরের মধ্যে মতবিরোধ তৈরি হয়। রণবীর সিং চেয়েছিলেন ‘ডন’-এর এই নতুন সংস্করণটি অনেক বেশি ডার্ক ও সহিংস হোক, যেখানে অ্যাকশন এবং গালাগালির মাত্রা বেশি থাকবে। তবে পরিচালক ফারহান আখতার এই ফ্র্যাঞ্চাইজির মূল আভিজাত্য ও স্টাইল বজায় রাখতে চেয়েছিলেন। তিনি তার মূল চিত্রনাট্য থেকে সরতে রাজি হননি। এর পাশাপাশি বারবার শুটিংয়ের তারিখ পিছিয়ে যাওয়া এবং চূড়ান্ত চিত্রনাট্য হাতে না পাওয়ার কারণেও রণবীর অসন্তুষ্ট ছিলেন।
এই মতপার্থক্যের জেরে রণবীর সিনেমাটি ছেড়ে দিলে ফারহান আখতার ফেডারেশনের দ্বারস্থ হন। গত ২৫ মে ফেডারেশন রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে জানায়, বারবার ডাকা সত্ত্বেও রণবীর সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্য জানাননি। অন্যদিকে, এক্সেল এন্টারটেইনমেন্ট প্রাক-প্রোডাকশনের খরচের ক্ষতিপূরণ হিসেবে রণবীরের কাছে ৪৫ কোটি রুপি দাবি করে আইনি নোটিশ পাঠায়।
এই পুরো বিতর্ক ও আইনি নোটিশের মধ্যেও রণবীর সিং পরিপক্ক আচরণ বজায় রেখেছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ডন থ্রি’ নিয়ে চলা সব জল্পনা-কম্পনার মাঝেও রণবীর সচেতনভাবেই নীরবতা বজায় রাখছেন। তার বিশ্বাস, পেশাদারি মতপার্থক্য এবং ব্যক্তিগত সম্পর্কগুলো সবসময় মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে আড়ালেই সমাধান করা উচিত।

ডেস্ক রিপোর্ট 






















