রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।

ডেস্ক রিপোর্ট 






















