লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারকে সময় দিতে হবে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। ৫ আগস্টের পর এখন আর আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই। আন্দোলন যা হবার তা ৫ আগস্টের আগেই হয়েছে। লক্ষ্মীপুরের উন্নয়নেও আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। কাজও শুরু করেছি। বাস্তবায়নে আমাদেরকে সময় দিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভেদ্য’র আয়োজনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমরা জনগণের সঙ্গে থাকার এবং জনগণের জন্য কাজ করার কথা বলেছি। কাজ শুরু করে দিয়েছি। বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। সময় দিতে হবে, সুযোগও দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানবিক-সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে তার নেতৃত্বে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ‘অভেদ্য’র সভাপতি তানজীমুজ্জামান তিষানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, টিআইবির লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি গার্লস কলেজের সহকারী শিক্ষক আবুল কালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ডেস্ক রিপোর্ট 






















