ক্রীড়াপ্রতিবেদক: লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইমাম-উল-হাক চোটের ভান করেছেন—এমনই অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক মোহাম্মাদ ওয়াসিম। তার দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের এই ওপেনার।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের পেশিতে টান লাগে ইমামের। চোটের কারণে পরদিন পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি তিনি।
দ্বিতীয় দিন এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ইমামের বাঁ পায়ের মাংসপেশিতে হালকা স্ট্রেইন ধরা পড়েছে। দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। টেস্টের বাকি অংশে তার অংশগ্রহণও নির্ভর করছিল চোট থেকে সুস্থ হয়ে ওঠার ওপর।
তবে ইমামের চোট নিয়ে ভিন্ন দাবি করেছেন ওয়াসিম। নিজের ইউটিউব চ্যানেলে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের একটি ঘটনা টেনে আনেন তিনি। ওয়াসিমের ভাষ্য, ওই সময় দলের ফিজিও তাকে আগেই সতর্ক করেছিলেন, ইমাম চোটের ভান করতে পারেন।
ওয়াসিম বলেন, ‘ঘোষণা তখনও দেওয়া হয়নি, সিদ্ধান্তও নেওয়া হয়নি। আমার মনে হয়, খেলোয়াড়ও তখনো কিছু বলেনি। সেই সময় ফিজিও এসে আমাকে সতর্ক করেছিলেন যে, এমনটা ঘটতে চলেছে। আর ঠিক সেভাবেই ঘটনাটি ঘটে।’
সাবেক এই নির্বাচকের দাবি, ইমামকে নিয়ে আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। কোচদের কাছ থেকেও এমন অভিযোগ তিনি শুনেছিলেন বলে জানান ওয়াসিম।
লর্ডস টেস্টের ঘটনাকে সামনে রেখে পাকিস্তান দলের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াসিম। তার মতে, দল আবার পুরোনো ধারায় ফিরে যাচ্ছে। এ ক্ষেত্রে বাবর আজমের অধিনায়ক হিসেবে ফিরে আসারও ভূমিকা থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ওয়াসিম বলেন, ‘যখন কোনো কিছু বারবার ঘটতে থাকে, তখন সেটা আর কাকতালীয় থাকে না। যারা যা-ই করছে, তাদের এই বিষয়টি খতিয়ে দেখা দরকার।’

ডেস্ক রিপোর্ট 






















