ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়নের চেউনিয়া গ্রামে সমাজসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লালন মন্ডল। নিজের নিঃস্বার্থ চেষ্টার মাধ্যমে তিনি এলাকার মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রেখেছেন নিজেকে। বিশেষ করে তরুণ ও কিশোর প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রাখার লক্ষে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, লালন মন্ডল দীর্ঘদিন ধরে চেউনিয়া গ্রামসহ আশেপাশের এলাকায় সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলছেন। সাম্প্রতিক সময়ে যুবসমাজ ও কোমলমতি শিশুদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে তিনি নানামুখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। ছোটদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সুশিক্ষায় উৎসাহিত করার মাধ্যমে তাদের সঠিক পথে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয়দের মতে, লালন মন্ডলের এই সময়োপযোগী ও সমাজকল্যাণমূলক উদ্যোগের ফলে গ্রামের কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার এই উদ্যোগে উৎসাহিত হয়ে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকরাও তার পাশে এসে দাঁড়িয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে স্থানীয় এক অভিভাবক জানান, মাদকের কারণে আজকের সমাজে অনেক সম্ভাবনাময় জীবন নষ্ট হয়ে যাচ্ছে। লালন মন্ডল যেভাবে ছোটদের ভালো কাজের দিকে ধাবিত করছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ প্রতিটি গ্রামেই প্রয়োজন।
সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজ চালিয়ে যাচ্ছেন।লালন মন্ডল বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি আমরা সঠিক পথে রাখতে না পারি, তবে সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করে মানুষের সেবায় কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য।
এলাকাবাসী আশা করছেন, নলডাঙ্গা ইউনিয়নে লালন মন্ডলের এই মানবিক কার্যক্রম পুরো ঝিনাইদহ জেলায় মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এক অনুকরণীয় ভূমিকা পালন করবে।

ডেস্ক রিপোর্ট 






















