৭১, ১৫০*, ৭৪ ও ৯৫: আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে বিশ্বরেকর্ড ওলটপালট করে দিলেন কনর ক্যারল। চার ইনিংসে ৩৯০ রান করে বিশ্বরেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার ব্যাটার।
ফ্রান্সের বিপক্ষে এপিসকোপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ারে অভিষেক হয়েছিল ক্যারলের। ২০৯ রানের লক্ষ্যে প্রথম ম্যাচেই তিনি ৩৪ বলে করেন ৭১ রান, দলের অন্যরা মিলে করেন ৫৫ রান।
পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া আগে ব্যাট করে। এবার ক্যারল ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ১৯৯ রান এনে দেন। ক্রোয়েশিয়া ম্যাচটি জেতে ১৬ রানে। বাঁহাতি ব্যাটার জার্সির বিপক্ষে ২৮১ রান তাড়া করতে নেমে ৭৪ রান করেন। ম্যাচটি হেরে যায় তার দল। পরে সাইপ্রাসের বিপক্ষে ৭ রানের জয়ের ম্যাচে ৯৫ রান আসে ক্যারলের ব্যাটে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির চার ইনিংস শেষে ১৩০ গড় ও ২০১.০৩ স্ট্রাইক রেটে ৩৯০ রান ক্যারলের। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো টানা চার ইনিংসে এটি সর্বোচ্চ রান। তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককিয়নের ৩৭৩ রানকে। ফরাসি এই ব্যাটারও তার প্রথম চার ইনিংসে রানগুলো করেন।
ক্যারল টানা চারটি পঞ্চাশের বেশি রান করা ১৫ খেলোয়াড়ের একজন হলেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজাই কেবল টানা পাঁচটি ইনিংসে এই কীর্তি গড়েন। অস্ট্রিয়ার বিপক্ষে পঞ্চম স্থান প্লে অফে এই রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ক্যারল।

ডেস্ক রিপোর্ট 






















