ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল। আর এবারের নির্বাচনে চমক দেখিয়েছে ইসরায়েলি আরব দলগুলো। তারা নেসেটের ১২০টি আসনের মধ্যে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি অভিযোগ করেছে, গতকালের নির্বাচনে আরব দলগুলো ‘চুরি’ করেছে। আর এ কারণে তারা এত আসন পেতে যাচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে লিকুদ বলেছে, “ইসরায়েলের নির্বাচন আরব দলগুলোর দ্বারা চুরি হয়েছে। যারা সন্ত্রাসবাদকে সমর্থন দেয় এবং গুরুতর দুর্নীতি, হুমকি, সহিংসতা, মিথ্যাবাদের মাধ্যমে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নির্মূল করতে চায়। তারা নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। আমরা এসবের প্রমাণ কর্তৃপক্ষকে প্রদান করছি।”
সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ভোটের ৮৫ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে দেখা যাচ্ছে দুই শীর্ষ আরব দল রা’ম এবং জয়েন্ট লিস্ট যৌথভাবে নেসেটের ১৯টি আসন পেতে যাচ্ছে।
ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব। কিন্তু তাদের ইহুদিরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করে। আগের নির্বাচনগুলোতে আরবদের এতটা আগ্রহ না থাকলেও; নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান অতি উগ্রডানপন্থি সরকারকে হটাতে দলে দলে তারা ভোট দেন।

ডেস্ক রিপোর্ট 






















