ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির সম্ভাব্য শাস্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বড় অঙ্কের পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি বিপুল আর্থিক জরিমানার মুখেও পড়তে পারে ক্লাবটি। এমনকি শাস্তির কারণে অবনমন হলে দ্বিতীয় স্তরের লিগে টানা দুই মৌসুম কাটানোর শঙ্কাও রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিটির বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আপিলের ফল প্রকাশের আগেই শাস্তি ঘোষণার পক্ষে। তবে সিটিকে সরাসরি প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার করে দেওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এমন সিদ্ধান্তে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ—দুই সংস্থাকেই নজিরবিহীন জটিলতায় পড়তে হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, সিটির সম্ভাব্য শাস্তি হতে পারে বিপুলসংখ্যক পয়েন্ট কেটে নেওয়া, যা দলটিকে চ্যাম্পিয়নশিপে নামিয়ে দিতে পারে। এর সঙ্গে বড় অঙ্কের জরিমানাও যুক্ত হতে পারে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের বেশির ভাগ অভিযোগে সিটিকে দায়ী করেছে স্বাধীন কমিশন। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত আর্থিক হিসাব, স্পনসরশিপ চুক্তি এবং তদন্তে সহযোগিতা নিয়ে অনিয়মের অভিযোগ ছিল ক্লাবটির বিরুদ্ধে। কমিশনের সিদ্ধান্তে বলা হয়েছে, স্পনসরশিপ চুক্তির মাধ্যমে আয় বাড়িয়ে দেখানো এবং প্রকৃত আর্থিক অবস্থার তথ্য গোপন করার ঘটনা ঘটেছে।

ডেস্ক রিপোর্ট 























