নওগাঁ প্রতিনিধিঃ‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. আব্দুল মতিন মন্ডল। এ সময় তিনি ইউনিয়নের সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি শহীদুজ্জামান সালেকসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে সাতটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেন।
এদিকে প্রসাদপুর কেন্দ্রীয় বাজার দুর্গামন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. মকলেছুর রহমান মকে।
পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

ডেস্ক রিপোর্ট 






















