ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠান কুসুম গ্রুপের পরিচালিত একটি ওষুধ কারখানায় ড্রোন হামলা চালিয়ে রাশিয়া। এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার একজন কর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, হামলায় কারখানাটির মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন আঘাত হানার পর ওই এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ রপ্তানিকারক ও পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করে কুসুম গ্রুপ। বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্তর নেতৃত্বে পরিচালিত এই প্রতিষ্ঠানটি নিজেদের ‘ভারতীয় মূলধারার ইউক্রেনীয় কোম্পানি’ হিসেবে পরিচয় দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ উৎপাদনে প্রবেশের আগে ২০০২ সালে কোম্পানিটি তাদের নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে শুরু করে। ২০০৭ সালে ভারতে একটি কারখানা স্থাপন করার পর ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে কারখানা চালু করে কোম্পানিটি।
৫০টিরও বেশি জেনেরিক ওষুধ তৈরি এবং ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের বাজারে পণ্য বিক্রি করে কুসুম গ্রুপ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময়জুড়ে সুমির এই কারখানাটির কার্যক্রম সচল ছিল। তবে রোববারের হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কোম্পানিটির ভবন। হামলায় প্রায় ৪০০ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















