কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈরের বিভিন্ন হাট-বাজার ও অলিগলির দোকানে নিষিদ্ধ রাসায়নিক স্প্রে করে কাঁচা পেঁপে কৃত্রিম উপায়ে পাকিয়ে বিক্রির প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। অতিরিক্ত মুনাফার লোভে একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই অপকর্ম চালালেও প্রশাসনের নজরদারির অভাবে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কালিয়াকৈরের সদর বাজার, চন্দ্রা ত্রিমোড়, সফিপুর বাজার ও মৌচাক বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এই ভয়াবহ চিত্র দেখা গেছে।
অনুসন্ধানে জানা যায়, অসাধু ব্যবসায়ীরা কাঁচা ও আধাকাঁচা পেঁপে অস্বাস্থ্যকর পরিবেশে স্তূপ করে রাখেন। এরপর মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড বা এজাতীয় নিষিদ্ধ রাসায়নিক স্প্রে করে রাতারাতি ফলগুলোকে হলুদ ও পাকা রূপ দেওয়া হয়। দেখতে আকর্ষণীয় হলেও এসব পেঁপে ভেতরে বিষাক্ত উপাদানে ভরপুর থাকে, যা কিনে প্রতারিত ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন সাধারণ মানুষ।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মো. রফিকুল ইসলাম ও ক্রেতা ফাতেমা বেগম চরম ক্ষোভ প্রকাশ করে জানান, কেমিক্যালে পাকানো ফল খেয়ে সাধারণ মানুষ কিডনি, লিভার জটিলতা ও ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। অথচ অসাধু ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা না করে পার পেয়ে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, কার্বাইডের মতো ক্ষতিকর কেমিক্যালে পাকানো ফল খাওয়ার ফলে লিভার, কিডনি ও হৃদপিণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ওপর এর নেতিবাচক প্রভাব অত্যন্ত ভয়াবহ।
এলাকাবাসী ও সচেতন মহলের জোর দাবি, অবিলম্বে কালিয়াকৈরের হাট-বাজারগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

ডেস্ক রিপোর্ট 






















