গাজীপুর প্রতিনিধি: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনমানুষের অধিকার রক্ষা এবং উন্নয়ন-সম্ভাবনার চিত্র তুলে ধরার অঙ্গীকার নিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোনাবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক কালবেলার কোনাবাড়ী প্রতিনিধি মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল ইসলাম এবং গাজীপুর ফিডের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক অজয় সরকার জুটন, নির্বাহী সদস্য রেজা চৌধুরী ও সাংবাদিক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, অনিয়ম এবং উন্নয়নচিত্র তুলে ধরে গণমাধ্যম সামাজিক পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে।” বক্তারা দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও সাংবাদিকদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার উপপরিদর্শক হেলাল খান, কোনাবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভা শেষে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট 






















