পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় অভিযানে এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালত এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করেছেন। জব্দ করা জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় রাবনাবাদ নদীতে এ অভিযান চালানো হয়।
আটক জেলেদের মধ্যে মো. রিফাত (১৯) নামের এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্য জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং নিষেধাজ্ঞার সময়ে আর মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাঁকে ও ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

ডেস্ক রিপোর্ট 






















