ইতালিয়ান সিরি আতে পিসার বিপক্ষে দুর্দান্ত জয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে নাপোলি। আর এই জয়ে অবদান রেখে ইতালিয়ান ক্লাবটিতে নিজের ভাগ্য স্থায়ী করে নিলেন ডেনিশ স্ট্রাইকার রাসমুস হজলুন্ড। ধারে খেলতে আসা ২৩ বছর বয়সী এই তারকা শর্ত অনুযায়ী এবার স্থায়ীভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ৩৮ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পাকাপাকিভাবে নাপোলির খেলোয়াড় হতে যাচ্ছেন।
স্টাডিও রোমিও আনকোনেতানি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আন্তোনিও কন্তের শিষ্যরা। ম্যাচের ২১তম মিনিটে সাবেক ইউনাইটেড সতীর্থ স্কট ম্যাকটমিনের করা উদ্বোধনী গোলটিতে চমৎকার অ্যাসিস্ট করেন হজলুন্ড। এর ঠিক ছয় মিনিট পর এলজিফ এলমাসের কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার আমির রহমানি।

ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় বার্ধের ইনজুরি টাইমে পিসার কফিনে শেষ পেরেকটি ঠোকেন হজলুন্ড নিজেই। চলতি মৌসুমে সিরি আতে এটি ছিল তার ১১তম গোল। এই ৩-০ ব্যবধানের জয়ে লিগের শীর্ষ চার নিশ্চিত করে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। এক ম্যাচ বাকি থাকতেই পঞ্চম স্থানে থাকা কোমো থেকে ৫ পয়েন্টে এগিয়ে গেল তারা।
২০২৩ সালে ৬৪ মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কে আতালান্তা থেকে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন হজলুন্ড। তবে থিতু হতে না পারায় গত আগস্টে লোনে পাড়ি জমান নেপলসে। চুক্তির শর্ত ছিল- নাপোলি চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করলেই হজলুন্ডকে স্থায়ীভাবে কিনে নিতে বাধ্য থাকবে ক্লাবটি।
পিসার বিপক্ষে জয়ে সেই শর্ত পূরণ হওয়ায় এখন ৩৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাকাপাকিভাবে ইতালিতেই থেকে যাচ্ছেন এই ডেনিশ স্ট্রাইকার। ইতালিতে ফেরার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ১৫টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করে কন্তের দলের অন্যতম আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। লিগের শেষ ম্যাচে উদিনিসেকে হারালেই রানার্স-আপ হিসেবে মৌসুম শেষ করবে নাপোলি।

ডেস্ক রিপোর্ট 






















