শ্রীলঙ্কায় হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারতের ‘এ’ দলে রাখা হয়েছে বৈভব সূর্যবংশীকে। বয়সে তরুণ হলেও তার অসাধারণ পারফরম্যান্সই তাকে জাতীয় দলের পাইপলাইনে ঢোকার সুযোগ করে দিয়েছে। চলমান আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার জাতীয় দলের জন্যও প্রস্তুত বলে মনে করেন শাস্ত্রী।
আগামী জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এই সিরিজে দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারত। আর সেই দলেই বৈভকে চান শাস্ত্রী। সম্প্রতি আইসিসি রিভিউয়ে আলোচনার সময় এমন পরামর্শ দিয়েছেন শাস্ত্রী।
তিনি বলেন, ‘অনেকেই জিজ্ঞাসা করবে, তার বয়স ১৫, ১৬ নাকি ১৪? আমি এসব গোনায় ধরি না। কেবল দেখি, এই মুহূর্তে সে কেমন ব্যাটিং করছে এবং তার চেয়ে দ্বিগুণ কিংবা আড়াই গুণ বেশি বয়সী বোলারদের সে কীভাবে অনায়াসে মোকাবেলা করছে। এসব তার কাছে কোনো ব্যাপারই না।’

‘তাই আমার মনে হয়, সে খুবই ভালোভাবে (জাতীয় দলের) বিবেচনায় আছে। আর এখন যখন আয়ারল্যান্ড সফর (জুনে দুটি টি-টোয়েন্টি) এবং এই সবকিছু এখনই হচ্ছে, তাই আমি সরাসরি তার দিকেই নজর দিতাম।’-যোগ করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার মতো সব সামর্থ্য আছে বৈভবের বলে মনে করেন শাস্ত্রী, ‘এটা নিশ্চিতভাবে বলতে পারি, যদি কোনো তরুণকে উৎসাহিত করতে চান এবং যত দ্রুত সম্ভব তাকে জাতীয় দলের কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান, তবে টি-টোয়েন্টি সংস্করণই তার জন্য সেরা জায়গা। আর সে কোনো দিক থেকেই পিছিয়ে নেই।’
‘বিশ্ব ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটে এই ছেলেটি অনেক দলেই অনায়াসে জায়গা করে নিতে পারে। তারুণ্যের যে অদম্য তেজ, তার চোখে-মুখেই স্পষ্ট ফুটে ওঠে।’

ডেস্ক রিপোর্ট 























